|
Date: 2025-09-21 17:43:27 |
শেরপুরের ঝিনাইগাতীতে মামলার জেরে সহিজ উদ্দিন নামে এক কৃষকের ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় রিপন মিয়া (২৮) বর্তমানে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার নওকুচি বিজিবি ক্যাম্প সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে গান্দিগাঁও এলাকার জুয়েল মিয়ার দোকানের সামনে। অভিযোগ সূত্রে জানা গেছে, সহিজ উদ্দিনের মেয়ে রিতা ইসলামি শরিয়ত অনুযায়ী নাজমুল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হলে রিতা আদালতে দুটি মামলা দায়ের করেন। এ মামলার জের ধরে শুক্রবার সকালে রিপন মিয়াকে একা পেয়ে অভিযুক্ত নাজমুল হক, তার বাবা শাহা আলমসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে হামলা চালায়। এসময় রিপনকে তার বোনের দায়ের করা পূর্বের মামলা প্রত্যাহারের কথা বলা হলে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে শাহা আলম রিপনের গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে। পরে নাজমুল হক ধারালো দা দিয়ে তার মাথায় কোপ মারলে গুরুতর রক্তাক্ত জখম হয়। অন্যদিকে সেলিম মিয়া লোহার রড দিয়ে রিপনকে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করে। এসময় আসামী আঃ রশিদ রিপনের হাত থেকে প্রায় ৩৫ হাজার টাকার স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। পরে গুরুতর আহত রিপনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহতের বাবা সহিজ উদ্দিন ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানার ওসি তদন্ত করে একটি নিয়মিত মামলা রুজু করেন এবং একজনকে গ্রেফতারও করেন। আসামীদের পক্ষ থেকে নির্দোষ দাবি করে ইতিমধ্যেই একটি মিথ্যা সংবাদ সম্মেলন করা হয়।
© Deshchitro 2024