|
Date: 2025-09-13 21:30:03 |
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রায় ১৩ মাস ধরে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাসনাত। দায়িত্বকালীন সময়ে নানা কর্মকাণ্ডের পাশাপাশি তাকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক অভিযোগ ও বিতর্ক, যা স্থানীয় জনগণ ও সামাজিক সংগঠনগুলোর মাঝে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি সাংবাদিক শিশির আলম সামাজিক যোগাযোগমাধ্যমে তার আইডি থেকে ইউএনওর কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, গত ১৩ মাসে জনগণের মনে যে তিক্ত অভিজ্ঞতা তৈরি হয়েছে, সেটি এখন আমাকেও নাড়া দিতে শুরু করেছে।
তিনি আরও উল্লেখ করেন, পবা উপজেলায় কর্মরত অবস্থায় মোহাম্মদ হাসনাতের বিরুদ্ধে প্রায় ৯১ লাখ টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। তখন সামাজিক সংগঠনগুলো তাকে ‘দুর্নীতিবাজ ইউএনও’ আখ্যায়িত করে শহীদ মিনার ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তাকে উল্লাপাড়ায় স্থানান্তর করা হয়।
স্থানীয় সংগঠনগুলোর অভিযোগ, আগের ইউএনওকে সরিয়ে দেওয়ার পেছনে জনগণের আন্দোলনের বড় ভূমিকা ছিল। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই বর্তমান ইউএনওর পদায়ন নিয়ে নতুন করে অসন্তোষ তৈরি হয়।
এ নিয়ে ইউএনও মোহাম্মদ হাসনাত বা তার কার্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সামাজিক সংগঠনগুলো জানিয়েছে, প্রয়োজনে তারা আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।
সাংবাদিক শিশির আলমের ভাষ্য, আমি একজন স্বাধীন সাংবাদিক। কোনো চাপ বা প্রভাবের কাছে মাথানত করি না। জনগণের সত্য তুলে ধরার জন্যই আমার এই বক্তব্য।
উল্লাপাড়ার সাধারণ মানুষের প্রশ্ন— বিভিন্ন পত্রিকায় নিউজ প্রচার হওয়ার পরেও বিতর্কের ভেতর দিয়ে মোহাম্মদ হাসনাতের দায়িত্বকাল আর কতদিন স্থায়ী হবে এমনটাই প্রশ্ন উল্লাপাড়া বাসির ?
© Deshchitro 2024