|
Date: 2025-09-06 18:40:23 |
সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর এলাকায় রাস্তা সংস্কারের নামে খাল থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। এতে খালের পাশের আবাদি জমি, বসতভিটা ও গাছপালা ভাঙন ও ধ্বসের ঝুঁকিতে পড়েছে। কৃষকরা বিষয়টিকে কৃষি ও পরিবেশের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন এবং জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কোমরপুর পাড়ুইপাড়া হিমসাগরের বাড়ির সামনে থেকে জলিলের দোকান পর্যন্ত পিচ রাস্তা সংস্কারের কাজে হাজিখালি বিলের খাল থেকে কাদা-বালি তোলা হচ্ছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যের প্রত্যক্ষ সহযোগিতায় এ কাজ চলছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানান, গত বছরও একই খাল কেটে মাটি ও বালি তোলা হয়েছিল। তখন খালের পাশের জমি ভেঙে পড়ে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হন। প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এবছরও একইভাবে খাল থেকে কাদা-বালি তোলায় ভয় পাচ্ছেন কৃষকরা।
স্থানীয় সমাজসেবক জাহাঙ্গীর হোসেন বলেন, “প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। খাল কাটার কারণে এবারও জমি ভাঙবে, কৃষকের ক্ষতি হবে।”
সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, “এলজিইডির কাজের নামে হাজিখালি খাল থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে খাল ধ্বংস হচ্ছে, পাশাপাশি কৃষিজমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়ছে।”
অন্যদিকে ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টু দাবি করেছেন, “স্থানীয় উন্নয়ন কাজের প্রয়োজনে খাল থেকে বালি তোলা হচ্ছে।”
তবে কৃষকরা আশঙ্কা করছেন, তাদের শেষ সম্বল আবাদি জমি ধ্বংস হলে জীবিকা হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়বেন। প্রশাসনের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, অবৈধ বালি উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দেবে।
স্থানীয়রা অবিলম্বে খাল রক্ষায় এবং বালি উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
© Deshchitro 2024