|
Date: 2025-09-02 22:17:37 |
যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নের ভাতুরিয়া ছোট নারানপুর বিল হরিনার জলাবদ্ধতা নিরসনে সক্রিয় হয়েছে প্রশাসন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব কমলেশ মজুমদার-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের দল বিলটি পরিদর্শন করে। স্থানীয় কৃষক ও ভুক্তভোগী জনগণের দুর্দশা সরাসরি দেখতে এবং এর সমাধানের পথ খুঁজতে এই পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাবা নুসরাত ইয়াসমিন এবং পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জনাব পলাশ কুমার ব্যানার্জি। তারা বিলের বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দীর্ঘদিন ধরে চলে আসা জলাবদ্ধতা ও অবৈধ দখলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলেন।
স্থানীয়দের পক্ষ থেকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা কমিটির সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ আতিকুর রহমান, বিল হরিনা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন এবং ভাতুরিয়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক ফিরোজ হোসেন ও সদস্য সচিব মাসুদুজ্জামান টিটো উপস্থিত ছিলেন। তারা কর্মকর্তাদের কাছে বিলের বর্তমান সমস্যাগুলো তুলে ধরেন এবং স্থায়ী সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।এই পরিদর্শনের ফলে বিল হরিনার জলাবদ্ধতা নিরসনের একটি টেকসই সমাধান বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এটি স্থানীয় কৃষকদের জন্য এক নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছে।
© Deshchitro 2024