নরসিংদীর পলাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী ২ পলাশ সংসদীয় আসনের হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মহসীন আহমেদ পলাশ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক সদস্যদের সাথে মতবিনিময় সভা পালন করেন।
“মুক্তির মূলমন্ত্র—ইসলামী শাসনতন্ত্র” এই আদর্শকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী-০২ (পলাশ) আসনে হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ বলেছেন, “সৎ নেতৃত্বই পারে সমাজে ন্যায়, শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে।”
৩০ই আগস্ট ২০২৫ রোজ শনিবার দুপুর ২টায় পলাশের পারুলিয়ায় নিজ বাসভবনে পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদের সাথে মত বিনিময় কালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
পরে মধ্যভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ এবং সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ ইকরাম হোসেন।
মতবিনিময় সভায় মুহসীন আহমেদ বলেন, “একটি সমাজকে এগিয়ে নিতে হলে নেতৃত্বকে সততা, নিষ্ঠা ও জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। আগামী দিনে পলাশ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করে একটি ন্যায়-পরায়ণ সমাজ গড়ে তুলব, ইনশাআল্লাহ।”
তিনি আরও ঘোষণা দেন, “আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, পলাশের জনগণের কল্যাণে আমার ব্যক্তিগত জমি ব্যবহার করব। এখানে জাতীয় মানের মেডিকেল কলেজ, মাদ্রাসা এবং ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হবে। জনগণের দোয়া ও সমর্থন থাকলে উন্নত, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।”
অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন এবং সৎ নেতৃত্ব ও উন্নয়ন ভাবনার প্রশংসা করেন।