|
Date: 2025-08-30 14:59:46 |
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান বহুদিন ধরেই ভিন্ন সুরের গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। এবার সংগীতে ২৫ বছরের পথচলার বিশেষ উপলক্ষ উদ্যাপনে যাচ্ছেন অস্ট্রেলিয়া সফরে।
আগামী সেপ্টেম্বর মাসজুড়ে দেশটির পাঁচটি শহরে একের পর এক কনসার্টে গান শোনাবেন তিনি তার দল ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-কে সঙ্গে নিয়ে।
আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড প্রকাশ করেন তাহসান, যেখানে সফরের বিস্তারিত সময়সূচি ও টিকিট বুকিংয়ের লিংকও দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, ৬ সেপ্টেম্বর অ্যাডিলেডে প্রথম শো অনুষ্ঠিত হবে। এরপর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি, ২০ সেপ্টেম্বর মেলবোর্ন এবং ২৭ সেপ্টেম্বর পার্থে কনসার্ট হবে। ফলে পুরো সেপ্টেম্বরজুড়েই অস্ট্রেলিয়ার দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখবেন এই সংগীত তারকা।
সামাজিক মাধ্যমে খবরটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার দেখা গেছে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘ প্রতীক্ষিত এই কনসার্ট নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করছেন।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ‘ব্ল্যাক’ ব্যান্ডের সদস্য হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন তাহসান। পরবর্তীতে একক শিল্পী এবং ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’-এর সঙ্গে কাজ করে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেন। বর্তমানে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ নিয়ে দেশ-বিদেশের মঞ্চে নিয়মিত গান পরিবেশন করছেন তিনি।
© Deshchitro 2024