|
Date: 2025-08-25 20:04:23 |
শেরপুরের নালিতাবাড়ীতে বন্ধুকে বাড়িতে ডেকে খাওয়ানোর পর এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ২৪ আগস্ট রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গেরাপচা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুলা মিয়া (৩৫) উপজেলার ছালুয়াতলা গ্রামের নুরুল আমীনের ছেলে। হত্যার অভিযুক্ত নাজমুল হক (৩৮) গেরাপচা গ্রামের মৃত বক্তারের ছেলে। তারা দুজনই বন্ধু ছিলেন এবং স্থানীয়ভাবে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে নাজমুল তার বাড়িতে ডেকে নিয়ে খাওয়ানোর পর দা দিয়ে তুলা মিয়াকে কুপিয়ে আহত করে। দৌড়ে পালানোর চেষ্টা করলে ধানক্ষেতে পা পিছলে পড়ে যান তুলা মিয়া। এ সময় নাজমুল এলোপাতাড়ি কোপাতে থাকলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, “হাসপাতালে আনার আগেই তুলা মিয়ার মৃত্যু হয়। তার শরীরে একাধিক কোপানোর চিহ্ন রয়েছে।” এদিকে ঘটনার পর রাতভর পুলিশ অভিযান চালায়। সোমবার ভোরে নাজমুলের সঙ্গে থাকা এক নারীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করলেও নাজমুল পলাতক রয়েছেন। নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “পারিবারিক দ্বন্দ্ব ও টাকা-পয়সা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
© Deshchitro 2024