|
Date: 2025-08-20 18:18:35 |
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষায়, সন্ত্রাস দমন, মাদক কারবার নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের গ্রেফতারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে র্যাব বরাবরের মতোই কঠোর পরিশ্রম ও সতর্ক নজরদারি অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় বহু মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬।
গত ২০ আগস্ট ২০২৫ তারিখে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার চালতেতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তারা নাশকতা মামলার পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম (২৬)-কে গ্রেফতার করে। তার বাবার নাম আঃ জলিল, বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামে।
প্রাথমিক তদন্তে জানা যায়, আসামি সাইফুল ইসলাম অস্ত্র, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতনসহ মোট ১১টি মামলার আসামি। তিনি দীর্ঘদিন সাতক্ষীরা জেলা কারাগারে আটক ছিলেন। কিন্তু গত ০৫ আগস্ট ২০২৪ বিকালে ছাত্র-জনতার অভ্যুথানের সুযোগ নিয়ে তিনি জেল রক্ষীদের ওপর হামলা চালিয়ে কারাগারের প্রধান ফটকের তালা ভেঙে পালিয়ে যান। শুধু তাই নয়, পলায়নের সময় অন্যান্য হাজতিদেরও পালাতে সহায়তা করেন।
কারাগার থেকে বের হয়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র, পেট্রোল বোমা ও ককটেল ব্যবহার করে ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা ও ভাঙচুর চালায়। জেলা কারাগারের ভেতরে আগুন ধরিয়ে দিয়ে সরকারি নথিপত্র, বিপুল পরিমাণ সম্পদ ও আসবাবপত্র ধ্বংস করা হয়। এমনকি লুটপাটের ঘটনাও ঘটে। পরবর্তীতে তারা সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে নাশকতা চালাতে থাকে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি নাশকতা মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত আসামি সাইফুল ইসলামকে পরবর্তীতে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024