|
Date: 2025-08-19 15:03:43 |
শেরপুরের ঝিনাইগাতীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ঔষধ ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ১৮ আগস্ট সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী বাজারের বেশ কয়েকটি ঔষধের দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় দুইটি দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ থাকার প্রমাণ পাওয়া গেলে একটি দোকানকে ১০ হাজার টাকা এবং অপরটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনায় জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মো. জাহিদুল ইসলাম সহায়তা করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি বা মজুদ রাখা মারাত্মক অপরাধ। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
© Deshchitro 2024