বগুড়ার সারিয়াকান্দিতে হাটের জায়গা দখল করে আ'লীগের দলীয় কার্যালয়ের নির্মানাধীন কাজ বন্ধ করে হাটের সরকারি জায়গা উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।
সোমবার সকালে কর্ণিবাড়ি ইউনিয়নের শোনপচা চরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, পুলিশ ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সহ   সরেজমিন পরিদর্শন করে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করেন তিনি। এসময় অবৈধ স্থাপনা নির্মাণের কাজে ব্যবহৃত কিছু ইট জব্দ করে স্থানীয় স্কুল সংস্কারের কাজে প্রদান করা হয়েছে।
জানা গেছে, গত রবিবার ডাকাতমারা শোনপচা হাটের ইজারাদার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ ছিল, হাট কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই স্থানীয় ইউপি সদস্য ওসমান গণির সহযোগিতায় বিগত ফ্যাসিষ্ট আওয়ামী দোসর উপজেলা আ'লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজহার আলী মন্ডল হাটের জায়গা দখল করে নিয়েছেন।
ইজারাদার ব্যক্তিগতভাবে বাধা প্রদান করলেও তারা কোনো কথা না শুনে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার ফলে ইজারাদার অভিযোগ করেছেন।
জানা গেছে, ফ্যাসিষ্টের ওই দোসর ইউপি চেয়ারম্যান থাকাকালীন সময়ে আওয়ামী লীগের দাপটে হাটের অনেকাংশ জায়গা জুড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় স্থাপন করে চরাঞ্চলের লোকজনকে শোষণ করতো। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও এই দোসর আজাহার আলী মন্ডলের দাপট কমেনি। তার নামে সারিয়াকান্দি থানায় একাধিক মামলা থাকার পরও সে প্রকাশ্যে হাটের দখলকৃত জায়গায় নতুন ভাবে ওই দলীয় কার্যালয় পাকাকরণ করার চেষ্টা করছিল।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন জানান, বিগত সময়ে ওই জায়গাটা আ'লীগের কার্যালয় ছিল। হাসিনা পতনের পর তা আবারও স্থায়ীকরণের চেষ্টা করলে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান জানান, সরকারি জায়গা দখল করা অন্যায়, আর হাটের জায়গা দখল করে রাজনৈতিক দলের কার্যালয় পুনঃনির্মাণ করাটা অপরাধ। হাটের জায়গায় অবৈধভাবে নির্মাণাধীন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024