|
Date: 2025-08-16 17:23:16 |
শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী লোকাল বাসের চাপায় আশরাফ আলী (৮০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। ১৬ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী-শেরপুর সড়কের জোলগাঁও এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী জোলগাঁও গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে। স্থানীয়দের বরাতে জানা গেছে, সকাল বেলায় আশরাফ আলী সড়ক পার হচ্ছিলেন। এ সময় শেরপুর থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী ‘পাপিয়া পরিবহনের’ একটি লোকাল বাস তাকে ধাক্কা দেয়। বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বাসটিকে আটক করে ব্যাপক ভাঙচুর চালান। তবে ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এতে এলাকাবাসীর ক্ষোভ আরও বেড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, “বাসটি আটক করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।” তিনি আরও জানান, চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে এবং তাদের গ্রেপ্তারের পর প্রাসঙ্গিক আইনে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক দুর্ঘটনা রোধে কঠোর ব্যবস্থা ও ঝুঁকিপূর্ণ স্থানে গতিরোধক স্থাপনের দাবি জানিয়েছেন।
© Deshchitro 2024