|
Date: 2025-08-16 11:25:31 |
যুদ্ধ বন্ধে চাহিদা অনুযায়ী ইউক্রেনের নির্দিষ্টি কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে এবং এ শর্ত মানলেই পুতিন শান্তিচুক্তি করতে সম্মত হবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ ছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতি নিয়ে দ্রুত আলোচনায় বসতে যাচ্ছেন বলেও জানান তিনি।
ইউক্রেন যুদ্ধ বন্ধে আমেরিকার আলাস্কায় শুক্রবার (১৫ আগস্ট) রুশ প্রেসিডেন্টের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে ফক্স নিউজের সিয়ান হ্যানিটির সঙ্গে আলাপচারিতায় এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, ‘এখন প্রেসিডেন্ট জেলেনস্কি, পুতিন ও আমার মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা হতে যাচ্ছে। এটা মূলত জেলেনস্কির ওপর নির্ভর করছে। ইউরোপীয় দেশগুলোকেও কিছুটা জড়িত হতে হবে। তবে শেষ পর্যন্ত এটা জেলেনস্কির ওপরই নির্ভর করছে… আর চাইলে আমি পরবর্তী বৈঠকেও উপস্থিত থাকব।’
এর আগে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে বিভিন্ন বিষয়ে একমত হয়েছেন তিনি। কিন্তু কিছু বড় বিষয়ে একমত হতে না পারায় কোনো ধরনের চুক্তি হয়নি।
বৈঠক পর সংবাদ সম্মেলন শেষ করেই ফক্স নিউজকে এ সাক্ষাৎকার দেন ট্রাম্প।
এতে তিনি জানান, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির মাধ্যমে ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দিলেই যুদ্ধ বন্ধ হবে।
ট্রাম্প ইঙ্গিত দেন, যুদ্ধে বন্ধে রাশিয়ার চাহিদা অনুযায়ী ইউক্রেনকে তাদের ভূখণ্ড দিতে হবে। এগুলো মেনে নিয়ে ইউক্রেনকে চুক্তি করতে হবে।
তিনি বলেন, ‘আমি মনে করি আমরা (যুদ্ধ) শেষের খুব কাছে আছি। এবং দেখুন, ইউক্রেনকে এটি মেনে নিতে হবে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য কোনো উপদেশ আছে কি না? এমন প্রশ্ন ট্রাম্প বলেন, ‘যুদ্ধ বন্ধের চুক্তি করুন।’
© Deshchitro 2024