|
Date: 2025-08-15 22:32:53 |
“কৃষ্ণচূড়া ঝরা পথে, হাঁটবো মোরা একসাথে” স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি ‘গজনী সাজাই’। নকলা অদম্য মেধাবী সংস্থার উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ১৫ আগস্ট শুক্রবার এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, এনডিসি রাজিব সরকার, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া প্রমুখ। সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। কৃষ্ণচূড়া গাছ রোপণের মধ্য দিয়ে গজনী অবকাশ কেন্দ্রের সৌন্দর্য ও পরিবেশ উন্নয়নের কাজ শুরু হয়। এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “সবুজে ঘেরা, শোভাময় ও পরিবেশবান্ধব শেরপুর গড়তে এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রকৃতিকে ভালোবাসুন, গাছ লাগান—আগামী প্রজন্মের জন্য রেখে যান এক সুন্দর পৃথিবী।” নকলা অদম্য মেধাবী সংস্থার নির্বাহী পরিচালক আবু শরীফ কামরুজ্জামান শরীফের এ উদ্যোগকে জেলার অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা অভিনন্দন জানিয়েছে।
© Deshchitro 2024