|
Date: 2025-08-13 19:27:20 |
ভারতের মেঘালয় রাজ্যে অবৈধভাবে অনুপ্রবেশ করে স্থানীয়দের গণপিটুনিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আকরাম হোসেন (৩০), তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাতের দিকে আকরামসহ মোট আটজন বাংলাদেশি সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার রোংদাংগাই গ্রামে প্রবেশ করেন। ওই গ্রামে এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা ও বাড়িঘরে হামলা করেন।
এ ঘটনায় স্থানীয়রা পাঁচজনকে আটক করে গণপিটুনি দেন এবং পরে তাদেরকে ভারতীয় পুলিশের হাতে তুলে দেন। আটককৃতরা হলেন— জামালপুরের মারুফুর রহমান (৩২), যিনি নিজেকে বাংলাদেশি পুলিশ কনস্টেবল বলে পরিচয় দেন, জামালপুর সদর উপজেলার জাহাঙ্গীর আলম (২৫), নারায়ণগঞ্জের সায়েম হোসেন (৩০), কুমিল্লার মেহফুজ রহমান (৩৫), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মোবারক হোসেন (৩২)।
ঘটনার দুই দিন পর, ১১ আগস্ট সোমবার বিকেলে, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহেশখোলা সীমান্তের ওপারে মেঘালয়ের খনজয় কৈথাকোণা গ্রামের একটি বনে স্থানীয়রা আকরামকে আটক করে আবারও গণপিটুনি দেন। গুরুতর আহত অবস্থায় তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাকে স্থানীয় মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভারতের খাসি হিলস জেলার পুলিশ সুপার বানরাপলাং জিরওয়া স্থানীয় গণমাধ্যমকে জানান— আটক বাংলাদেশিদের কাছ থেকে একটি রিভলভার, তিনটি ওয়্যারলেস সেট, একটি ম্যাগজিন ও পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর আদালতে পাঠানো হয়, এবং দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আকরামের বড় ভাই শেখ ফরিদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আকরামের মৃত্যুর খবর পান, তবে কীভাবে তিনি ভারতে গিয়েছিলেন তা পরিবারের কেউ জানেন না। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মুসা মিয়া বলেন, আকরাম দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করছিল না।
আকরামের লাশ ফেরত আনার জন্য তার স্বজনরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে যোগাযোগ করছেন। ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির আওতাধীন নকশী বিওপির সুবেদার আব্দুল লতিফ জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
শেরপুরের ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন জানিয়েছেন, নিহত আকরামের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
© Deshchitro 2024