|
Date: 2025-08-12 18:42:11 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার কান্ট্রি ডিরেক্টর কর্ণেলিউস টুডু। অনুষ্ঠান শুরুর আগে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানে ২০০০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সফল কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং পুনর্জাগরণের মাধ্যমে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সংস্থাটির ভূমিকা বিশেষভাবে তুলে ধরা হয়। প্রদর্শনীতে ডিজিটাল মাধ্যমে সংস্থার ২৫ বছরের কার্যক্রম উপস্থাপন করা হয় এবং অতিথিবৃন্দ এর ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি ক্ষুদ্র চারটি নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনিয়র তাহের রেনেসাঁ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, সংস্থার সহকারী পরিচালক (প্রোগ্রামস) পিন্টু এ্যালবার্ট পিরিছ, এসআইএল ইন্টারন্যাশনাল শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশী, সেক্রেটারি অসীম ম্রং, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।
© Deshchitro 2024