কলেজ ও নিউমার্কেট এরিয়ায় অবৈধ ফুটপাতের দোকান উচ্ছেদ এবং সড়কে যানজট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। কনসাস স্টুডেন্ট এলায়েন্স নামক সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। 


রবিবার (১০ আগস্ট) বেলা ১১ টায় ঢাকা কলেজের মেইনগেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের ২০২৩-২০২৪ সেশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 


মানববন্ধনে এক শিক্ষার্থী বলেন,সরকার ও প্রশাসনের ব্যর্থতার কারণে আজকে আমাদের এই কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক দাবি দাওয়া, আশা আকাঙ্খা ছিল। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি সংস্কারের কথা বলে কোন সংষ্কার দৃশ্যত দেখতে পারিনি। আজকে কেন আমাদের যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে রাস্তায় নামতে হয়? আপনারা সাধারণ জনগনকে সাথে নিয়ে একাজ গুলো করতে পারতেন। কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন। অতি দ্রুত সময়ের মধ্যে নিউমার্কেট ও ঢাকা কলেজ এরিয়ায় সরকারের কাছে ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসনের দাবি জানান তারা।


জানা যায়, গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরে নিউমার্কেট সংলগ্ন সকল এলাকায় ফুটপাত দখলমুক্ত হয়। তবে কিছুদিন পরে রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে দোকান বসানোর উৎসব চলে। ফলে বিগত সময়ের মতো রাস্তা সংকুচিত হয়ে ভিড় বাড়তে থাকে। এর প্রেক্ষিতে নিউমার্কেট ও ঢাকা কলেজ সংলগ্ন মিরপুর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগে পড়ছেন বলে মনে করছেন চলাচলকারীরা পথচারীরা। 


প্রসঙ্গত, চলতি বছরের বিভিন্ন সময়ে  শিক্ষার পরিবেশ রক্ষার্থে ও পথচারীদের ভোগান্তি উত্তরণে ঢাকা কলেজের সামনে অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করে শিক্ষার্থীরা । তবে সম্প্রতি ফুটপাত ও সড়কে অবৈধ দোকান বসানোর প্রচেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করছেন সাধারণ শিক্ষার্থীরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024