|
Date: 2025-08-10 17:24:51 |
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার বিচার দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব ভবনের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, জিএম আজফার বাবুল, মনিরুজ্জামান রিপন, সুলতান আহমেদ ময়না, নাঈম ইসলাম ও জাহিদুল হক মনিরসহ অনেকে। বক্তারা বলেন, গত দেড় দশকে সাংবাদিক সাগর-রুনীসহ ১১৭ জন পেশাজীবীকে হত্যা করা হয়েছে। গত ৩০ বছরে ৩৫ জন গণমাধ্যমকর্মী প্রাণ হারিয়েছেন, কিন্তু কোনো ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি। তাদের দাবি, বিলম্বিত বিচার মানে অবিচার, আর অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সাংবাদিক হত্যার বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। কর্মসূচিতে জেলার অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024