|
Date: 2025-08-08 14:59:48 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জোলগাঁও গ্রামের এক অসহায় মহিলার পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। তিন সন্তানের জননী ওই মহিলার স্বামী অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। এর মধ্যে তার এক সন্তান শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারের কষ্ট আরও বেড়ে গেছে।
বিষয়টি জানার পর ইউএনও আশরাফুল আলম রাসেল ৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই মহিলার হাতে চাল, ডালসহ প্রয়োজনীয় শিশুখাদ্য সামগ্রী তুলে দেন।
খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এ সময় ইউএনও ওই প্রতিবন্ধী সন্তানের জন্য সরকারি প্রতিবন্ধী ভাতা প্রদানের আশ্বাস দেন।
ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আশা করছি, সরকারি ভাতা পেলে তার পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে।” স্থানীয়রা ইউএনও’র এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।
© Deshchitro 2024