|
Date: 2025-08-05 11:18:59 |
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় ১৯৯৭ সালে দায়ের হওয়া আমজেদ হোসেন নামের এক ১৩ বছরের শিশু হত্যা মামলায় দীর্ঘ ২৮ বছর পলাতক থাকার পর অবশেষে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,পাঁচবিবি উপজেলার চাটখুর (রায়গ্রাম) এলাকার ফজের আলীর ছেলে মোঃ মাজেদ আলী ও খয়বর আলীর ছেলে আব্দুল ওয়াহেদ।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের ৮ অক্টোবর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চাটখুর (রায়গ্রাম) গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে আমজেদ হোসেন (বয়স ১৩ বছর) একটি শিশুর বস্তাবন্দি লাশ পুকুরে থেকে উদ্ধার করা হয়। নির্মম এই হত্যাকাণ্ড সে সময় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের হয় যার মামলা নং-৬/৯৭, জিআর নং-১৮৯/৯৭।
দীর্ঘ তদন্ত শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে
ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি, পেনাল কোড-১৮৬০ মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
তবে রায় ঘোষণার পর থেকেই দুই আসামি পলাতক ছিলেন।
দীর্ঘদিন পলাতক থাকা এই দুই আসামিকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাঁচবিবি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সোহেল রানা। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে তাঁর নেতৃত্বে গাজীপুরের গাছা থানা এলাকা ও ঢাকার হাজারীবাগে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে এএসআই সোহেল রানা বলেন,পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলামের দিক নির্দেশনায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ প্রচেষ্ঠার পর তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
© Deshchitro 2024