|
Date: 2025-07-27 21:56:39 |
শেরপুর সদর উপজেলা বিএনপি ও শেরপুর পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। ২৭ জুলাই রবিবার দুপুরে শেরপুর জেলা শহরের খরমপুরস্থ হোটেল নির্ঝর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম কমিটি ঘোষণা করেন। ১০১ সদস্য বিশিষ্ট শেরপুর সদর উপজেলা কমিটিতে আলহাজ্ব হযরত আলীকে আহ্বায়ক ও সাইফুল ইসলামকে সদস্য সচিব করা হয়। অপরদিকে শেরপুর পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান (পিপি)কে আহ্বায়ক ও মোহাম্মদ জাফর আলীকে সদস্য সচিব করা হয়। সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়কগণ হলেন– এস এম শহিদুল ইসলাম, মো. শফিউল আলম চাঁন, মো. আব্দুল হামিদ, এ এস এম রফিকুল আলম শিপন, মো. ছানুয়ার হোসেন ছানু, মো. আব্দুল মালেক, মো. সাইফুল ইসলাম শ্যামল, মোসাম্মৎ পপি আখতার। অপরদিকে শেরপুর পৌর কমিটির আহ্বায়কগণ হলেন– আলহাজ্ব অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, মো. রেজাউল করিম রুমি, মো. এমাদাদুল হক মধু, মো. হাসানুর রেজা জিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মো. উমর ফারুক রাহাত, মো. আমিনুল ইসলাম, মো. সাইফুল ইসলাম মিঠু, মো. সাদেক মিয়া, মো. রবিউল আলম সজিব, মো. ফখরুল ইসলাম। কমিটি ঘোষণা অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, আতাহারুল ইসলাম আতা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপন, থানা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্যদের সাথে দীর্ঘ আলোচনা করে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে এবং সাংগঠনিক টিমের সৎ পরামর্শে শেরপুর সদর ও শেরপুর পৌরসভার কমিটি ঘোষণা করেছি। বাকি সাতটি ইউনিটের কমিটি অতি দ্রুতই ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, শেরপুরের রাজনৈতিক অঙ্গনে আমরা স্বচ্ছতা ফিরিয়ে আনতে চাই। আমরা নিজেরা দুর্নীতি করবো না। কাউকে দুর্নীতি করতে দিবো না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিবো। এছাড়াও নবগঠিত পৌর কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, বিএনপি প্রতি আমার দীর্ঘদিনের ত্যাগের ফল আজ পেলাম। আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে আমি যথাযথভাবে পালন করবো। আমি নিজে মহল্লায় মহল্লায় গিয়ে ৯টি ওয়ার্ডের কমিটি দ্রুতই উপহার দিবো। আমি জেলা বিএনপি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য, গত ৯ জুলাই জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় ৫টি উপজেলা ও ৪টি পৌরসভাসহ মোট ৯টি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
© Deshchitro 2024