বরিশাল, মেহেন্দিগঞ্জ, ২১ জুলাই:

মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের হোগলটুরী সিনিয়র মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ও স্থানীয় মসজিদের সহকারী ইমাম হাফেজ জাহিদুল ইসলাম কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন।


ঘটনাটি ঘটে গতকাল (রবিবার) দুপুর আনুমানিক ১টার দিকে, যখন তিনি পরীক্ষা শেষে মাদরাসা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একদল বহিরাগত কিশোর তাকে ঘিরে ফেলে এবং দেশীয় অস্ত্র, হকিস্টিক ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে।


আহত জাহিদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে তার সহপাঠী তামিম ওরফে সাব্বিরের নির্দেশে এই হামলা চালানো হয়। কিশোর গ্যাংয়ের নেতৃত্বে ছিল তানবির হাওলাদার নামের এক যুবক। হামলাকারীদের সংখ্যা ছিল প্রায় ১০-১২ জন।


স্থানীয়রা জানান, হাফেজ জাহিদুল ইসলাম একজন ভদ্র, নম্র ও ধার্মিক ছাত্র হিসেবে এলাকায় পরিচিত। তিনি ছোটবেলা থেকেই মসজিদের সঙ্গে যুক্ত এবং সম্প্রতি সহকারী ইমামের দায়িত্ব পালন করছেন। এমন একজন শিক্ষার্থী ও ধর্মীয় ব্যক্তিত্বের ওপর বর্বর হামলা এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। তারা বলেন, কিশোর গ্যাংয়ের উৎপাত দিন দিন বেড়ে চলেছে, এবং যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।


আহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জাহিদুলকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং শীঘ্রই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024