অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফলে সেখানে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। দখলদার বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় আরও ৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৭৭ জনে। একইসময়ে আহত হয়েছেন প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জনে।


স্থানীয় বৃহস্পতিবার (১৭ জুলাই) ‍কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৯০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩৬৭ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জনে।


বিবৃতিতে আরও জানানো হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না, ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।


এদিকে গত ২৪ ঘণ্টায় ত্রাণ সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩২ জনের বেশি আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত এই ধরনের ঘটনায় মোট ৮৭৭ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৬৬৬ জন।


চলতি বছরের জানুয়ারি মাসে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েলও হামাস। তবে গত ১৮ মার্চ এ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর পর থেকে ৭ হাজার ৮৪৩ জনকে হত্যা এবং ২৭ হাজার ৯২২ জনকে আহত করেছে দখলদার বাহিনী। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024