বগুড়ার সারিয়াকান্দিতে সজিব মিয়া (২৪) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে।
রবিবার সকালে এ ঘটনায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের তালতলা এলাকা থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।
নিহত সবজি কুতুবপুর ইউনিয়নের তালতলা এলাকার শরিফ উদ্দিনের ছেলে।
জানা গেছে, সজিব মিয়া ছাইহাটা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছে। তারা দুই ভাই। বড় ভাই গত ২০১৯ সালে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। সজিবের মা মিষ্টি খাতুন গত ২০১২ সালে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মারা গেছেন।
এ ঘটনায় সজিবের বাবা শরিফ উদ্দিন জানান, পরিবারে লোকজন না থাকায় বাবা ছেলে একসাথে রাতের খাবারের পর ঘুমিয়ে পড়েছি। ছেলে কখন যে বাইরে গেছে বুঝতে পারিনি। এরপর ফজর নামাজের সময় লোকজনের ডাকাডাকিতে ঘুম ভাঙলে দেখি আমার ঘরের দরজা এবং বাড়ির গেইট খোলা। এরপর বাইরে যেয়ে দেখি, গেইটের পাশে ছেলের রক্তাক্ত লাশ পরে আছে। তার কপালে আঘাতের চিহ্নও বিদ্যমান ছিলো।
এঘটনায় সারিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ভিকটিম রাত ২.৩০ পর্যন্ত তার বাবার সাথে শুয়ে ছিল। পরে ভোরবেলা মানুষ সেখানে মৃতদেহ দেখতে পায়। এ ঘটনার তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, ভোরবেলায় সে নেশা করার জন্য উঠেছিল। সে সময় হয়তো সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উপুর পড়ে যায়। তখন হয়তো তার কপালে কেটে যাওয়ায় আঘাতের চিহ্ন হয়। এছাড়া তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেয়ে মৃত্যু হয়েছে বলে ধারনা করছে পুলিশ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024