জয়পুরহাটের আক্কেলপুরে চিয়ারীগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফাজ উদ্দীন প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের চিয়ারীগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফাজ উদ্দীন প্রামাণিক ওই গ্রামের মৃত অজের আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম। স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পাড়ছিলেন আফাজ উদ্দীন। এ সময় গাছের ডালের সঙ্গে লাগানো বিদ্যুতের তারে অসাবধানতাবশত তিনি স্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। নিহতের ভাতিজা ফজলে এলাহী বলেন, আমার চাচা বাড়ির পাশে গাছে কাঁঠাল পাড়তে উঠেন। এসময় পাশের বাড়ির ছাদের উপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে ঘটনাস্থলেই মারা যান। ওসি মমিনুল ইসলাম বলেন, এটি একটি দুর্ঘটনা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024