রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে অজ্ঞাত কারণে মো. মোবারক হোসেন (১৯) নামে সার্ভে ইনস্টিটিউটের এক ছাত্রের মৃত্যু হয়েছে । তিনি এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (১২ জুলাই) সকালে অসুস্থতা অনুভব করলে তাকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোবারক হোসেনের বাড়ি পাবনা জেলার সাথিয়া থানার ডেমরা গ্রামে। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকার আবু বকর ছাত্রাবাসে থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বকর ছাত্রাবাসে অবস্থানকালে তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মৃতদেহ রামেক হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক হাসপাতাল মর্গে পাঠানো হতে পারে বলে জানা গেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024