স্বাস্থ্যসেবা সুবিধা প্রাপ্তির লক্ষ্যে জামালপুরের হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতাল লিমিটেড ও বুলবুল জেনারেল হাসপাতালের সঙ্গে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।


বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামানের উপস্থিতিতে তার সভাকক্ষে দুই পক্ষের মাঝে এ সমঝোতা সই হয়। সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী সই করেন। আর হাসপাতাল দু’টির পক্ষে প্রতিষ্ঠানসমূহের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল ইসলাম বুলবুল। এই সমঝোতার আওতায় হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতালে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষাসহ চিকিৎসাসেবা ক্ষেত্রে আগামী ০৩ (তিন) বছরের জন্য বিশেষ সুবিধা পাবেন।


এ চুক্তির অধীনে শিক্ষার্থীদের সাশ্রয়ী এবং উন্নতমানের চিকিৎসা ব্যবস্থার বিষয়ে জোরদার করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রী অ্যাম্বুলেন্স সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন হাসপাতাল কর্তৃপক্ষ।


এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, মেডিকেল সেন্টার পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ শাহজালাল, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, মেডিকেল অফিসার ডা. নীলিমা নাসরীন, হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতাল লিমিটেডের সিনিয়র ডেন্টাল সার্জন ডা. নাহিদা আক্তার পিংকি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. আব্দুল্লাহ, অ্যাকাউন্টস ম্যানেজার মো. মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024