|
Date: 2025-07-09 19:49:47 |
সাতক্ষীরার আশাশুনি উপজেলা দারিদ্র্য বিমোচন কার্যালয়সহ তিনটি সরকারি প্রতিষ্ঠান জলাবদ্ধতার করুণ পরিস্থিতিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। টানা বৃষ্টিতে অফিস চত্বর ও সড়কপথ জলমগ্ন হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সেবা নিতে আসা সাধারণ মানুষ।
উপজেলা পরিষদের মূল গেটের পাশেই দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয়টি অবস্থিত। বছরের অধিকাংশ সময় এই কার্যালয় জলাবদ্ধতার কবলে পড়ে থাকে। সামান্য বৃষ্টিতেই চত্বর পানিতে টইটম্বুর হয়ে যায়। একটানা দুই-তিন দিনের বৃষ্টিতে কার্যালয়ের চারপাশ যেন নদীতে পরিণত হয়। কখনো কখনো অফিসকক্ষের মধ্যেও পানি ঢুকে পড়ে।
গত সাত-আট দিনের ভারি বর্ষণের ফলে বর্তমানে দারিদ্র্য বিমোচন কার্যালয় ছাড়াও সাবেক মুক্তিযোদ্ধা সংসদ অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, শহীদ মিনার ও স্মৃতি সৌধ চত্বর পুরোপুরি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। অফিস চত্বরে পানির মধ্যে পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ, বিআরডিবি ভবন ও প্রেসক্লাবের সামনের প্রায় ২০-৩০ হাতজুড়ে সড়কে জলাবদ্ধতা বিরাজ করছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকলেও, টানা বৃষ্টির ফলে এখন পানির স্তর বাড়ছে এবং ঘরের ভেতর পর্যন্ত ঢোকার হুমকি তৈরি হয়েছে। ফলে পথচারীদের জুতা খুলে হাঁটা কিংবা হাঁটুসমান পানির মধ্য দিয়ে চলাচল এখন নিত্যদিনের ঘটনা।
সংশ্লিষ্ট অফিসে নিয়মিত যাতায়াতকারী কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষ বলছেন, “এটা আর কোনোভাবে সহ্য হয় না। দুর্বিষহ যন্ত্রণায় আমরা বন্দী হয়ে আছি। এই ভোগান্তি থেকে মুক্তি চাই।”
ভুক্তভোগীদের দাবি—উপজেলা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ এখন সময়ের দাবি। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে এই দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নিতে পারে।
© Deshchitro 2024