|
Date: 2025-07-04 21:34:53 |
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় দিনদুপুরে মোটরসাইকেল চুরির সময় জনতার সহায়তায় হাতেনাতে এক চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে নলতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি আবু বক্কর সিদ্দীক (৫৫), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়িখালী গ্রামের মরহুম আরশাদ আলী গাজীর ছেলে। ঘটনাস্থল থেকে তার সঙ্গে থাকা অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের আহম্মদ আলী গাজীর ছেলে শহিদুল্যাহ গাজী (৩৩) নলতা ইউনিয়ন পরিষদের পাশে একটি কনফেকশনারীর দোকান পরিচালনা করেন। প্রতিদিনের মতো তিনি তার ব্যবহৃত হিরো হোন্ডা স্পেলেন্ডার প্লাস মোটরসাইকেলটি দোকানের সামনে রেখে কাজে ব্যস্ত ছিলেন।
এ সময় আবু বক্কর সিদ্দীক মোটরসাইকেলটি চুরি করে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর শহিদুল্যাহ গাজী বাদী হয়ে কালিগঞ্জ থানায় আবু বক্কর সিদ্দীকের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে একটি মামলা (নং-৩) দায়ের করেন। পুলিশ জানিয়েছে, আবু বক্কর সিদ্দীক একজন পেশাদার মোটরসাইকেল চোর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, “মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
© Deshchitro 2024