|
Date: 2025-07-04 14:56:06 |
মাধবদী বাজারের মুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকান্ড
পলাশ উপজেলা প্রতিনিধি : মোহাম্মদ মিনার হোসেন খান
নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
৪ জুলাই ২০২৫ রোজ শুক্রবার ভোর ৫ টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, আগুন মুহূর্তের মধ্যে মাধবদী বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে, যার মধ্যে রয়েছে ১০টি স্বর্ণের দোকান। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। স্বর্ণের দোকান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে দাবি ব্যবসায়ীদের। তবে কোন দোকান থেকে এবং কী কারণে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি অগ্নিসংযোগ সম্পর্কে জানান, ভোর ৫টার দিকে আগুনের সংবাদ পেয়ে দ্রুতই ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাধবদী ফায়ার সার্ভিস কর্মীরা কাজ শুরু করে । পরবর্তীতে নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসের ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট যুক্ত হয়ে সকাল ১০টার দিকে পুরোপুরি অগ্নি নির্বাপণ করতে সক্ষম হয়। অগ্নিকান্ড দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান শেষে বিস্তারিত জানা যাবে।
© Deshchitro 2024