|
Date: 2025-06-29 14:41:57 |
"প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় এক গুরুত্ববহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) সকালে সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় এবং সাতক্ষীরা পৌরসভা ও পরিবেশবাদী সংগঠন রূপান্তরের বাস্তবায়নে আয়োজিত এই সভায় পরিবেশ সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, নাবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমুন লায়লা বিথী, পৌরসভার কনজারভেন্সী ইন্সপেক্টর মোঃ ইদ্রিস আলী ও স্যানিটারী ইন্সপেক্টর রবিউল আলম।
সভায় বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ আজ একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এর প্রভাবে শুধু পরিবেশই নয়, মানবস্বাস্থ্য ও জীববৈচিত্র্যও চরম হুমকির মুখে পড়েছে। বক্তারা প্লাস্টিকের অতিরিক্ত ও অপরিকল্পিত ব্যবহার বন্ধ করে, তার পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারকে উৎসাহিত করার আহ্বান জানান।
তাঁরা বলেন, সাধারণ জনগণকে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতন করতে হবে এবং সকলে মিলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে হবে। একইসাথে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, যেন প্লাস্টিক দূষণ রোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়।
সভায় অংশগ্রহণকারী বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরাও পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলে মিলে একটি প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
© Deshchitro 2024