পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের নেতৃত্বে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম এলাকায় ৫০টি নারিকেল গাছ রোপণ করা হয়েছে।


এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে। গোয়ালন্দ উপজেলা নিবার্হী কর্মকতা নাহিদুর রহমান বলেন, “পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে গাছ লাগানোয় অংশ নিতে হবে। বৃক্ষ শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, বরং পরিবেশ রক্ষা, বায়ু বিশুদ্ধকরণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”


তিনি আরও জানান, চলতি বছরে গোয়ালন্দ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং রাস্তার পাশে মোট ২,০০০টি বৃক্ষ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।


স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও পরিবেশপ্রেমীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।


উপজেলা প্রশাসনের এই কার্যক্রম এলাকায় পরিবেশবান্ধব একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন স্থানীয়রা।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024