বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় পালিত হলো বর্ণাঢ্য র‌্যালি, প্রাণ সায়ের খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি। ‘প্রকৃতির সাথে সম্প্রীতির বন্ধন’ শীর্ষক প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টায় এই আয়োজন শুরু হয়।


ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় এবং সাতক্ষীরা পৌরসভা ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর যৌথ আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন হয়।


সাতক্ষীরা পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে প্রাণ সায়র খাল এলাকায় গিয়ে শেষ হয়। এরপর খাল পরিষ্কার অভিযানে অংশ নেয় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীবৃন্দ। খাল পরিষ্কারের নেতৃত্ব দেন কনজারভেন্সি ইন্সপেক্টর ইদ্রিস আলী।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, রূপান্তরের প্রতিনিধিরা এবং স্থানীয় পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।


পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে র‌্যালি শেষে প্রাণ সায়ের খালের ধার ঘেঁষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।


উল্লেখ্য, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রেক্ষাপটে পরিবেশ দিবসের এ কর্মসূচি স্থানীয় জনগণের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি ও প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024