ভালনারেবল ওমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর প্রকৃত উপকারভোগীদের যাচাইয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুল। রোববার দিনব্যাপী ওই ইউনিয়ন পরিষদ চত্ত্বরে উন্মুক্ত পরিবেশে লটারীর মাধ্যমে ৩৯০জন উপকারভোগীদের নাম যাচাই সম্পন্ন করেন।
এবিষয়ে চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল বলেন, স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত অস্বচ্ছলতাদের যাচাই-বাছাই করা সম্ভব হয়েছে। ৯ওয়ার্ডের এক হাজার ৩৫জন অনলাইনে আবেদন করেছিলেন। যারা আর্থিকভাবে স্বচ্ছল তাদের নাম বাদ দিয়ে ৬৪৭জনের নাম লটারীর বক্সে রাখা হয়। লটারীর মাধ্যমে ৩৯০জন অস্বচ্ছলদের নাম যাচাই করা হয়। অপেক্ষমাণ তালিকায় প্রতি ওয়ার্ডে চারজন করে রাখা হয়েছে। এই কর্মসূচির আওতায় নারীরা মাসিক নির্দিষ্ট পরিমাণ চাল ৩০ কেজি করে পাবেন এবং তাদের বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তাও প্রদান করা হবে।
চেয়ারম্যানের এমন স্বচ্ছতায় আব্দুল কুদ্দুছ সরকার নামে একজন তার ফেসবুকে লেখেন-তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান দৃষ্টান্ত স্থাপন করলেন ভিডব্লিউবি’র সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছ লটারীতে।
উপকারভোগীদের মধ্যে মেরিনা আক্তার, শারমিন বেগম ও মাজেদা খাতুন বলেন, ভিডব্লিউবি’র জন্য কেউ আমাদের কাছ থেকে কোন টাকা পয়সা চাননি এবং কাউকে এক টাকাও দেই নাই এমনকি চেয়ারম্যান-মেম্বারকেও না। আমরা শুধু আল্লাহর উপর ভরসা করেছি। আল্লাহর রহমতে লটারীতে আমাদের নাম উঠেছে।
লটারীর সময় উপস্থিত ছিলেন তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ হোসেন, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইফুল ইসলাম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, ট্যাগ কর্মকর্তা খাদ্য পরিদর্শক মাহমুদুল হক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ননী গোপাল সহ সকল উপকারভোগী।
রংপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সেলোয়ারা বেগম বলেন, আমরা চেষ্টা করছি পীরগাছা উপজেলায় স্বচ্ছতার ভিত্তিতে ভিডব্লিউবি’র লটারী সম্পন্ন করতে। যারা স্বচ্ছতার ভিত্তিতে লটারী সম্পন্ন করছেন তাদের জন্য রইল সাধুবাদ। আমরা চাই প্রকৃত উপকারভোগীরা এ কর্মসূচির আওতায় আসুক।