ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক : জয়পুরহাটের ক্ষেতলালে কৃষি স্কিমের সফল বাস্তবায়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষক ও উদ্যোক্তা সমাবেশ এবং প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ হলরুমে এই সমাবেশের আয়োজন করা হয়।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক আরতাফ হোসেন, সোনালী ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখার এজিএম মাহবুব আলম এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) জয়পুরহাট শাখার এজিএম গোলাম কবির। রাকাব জয়পুরহাট শাখার ব্যবস্থাপক গোবিন্দ চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ফারুখ হোসেন মিয়া।
সমাবেশে বক্তারা জানান, জাতীয় পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পল্লী অঞ্চলে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে আরও ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বরাদ্দ করা হয়েছে।
বক্তারা এই বিপুল তহবিলের সঠিক ও সৎ ব্যবহার নিশ্চিত করে স্থানীয় কৃষি ও অর্থনীতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং এ বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ক্ষেতলাল উপজেলায় অবস্থিত বিভিন্ন তফসিলি ব্যাংকের শতাধিক গ্রাহক, স্থানীয় কৃষক ও নতুন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।