ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের ক্ষেতলালে অনলাইনে জুয়া খেলার অভিযোগে বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জামসহ মোরসালিন মন্ডল (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৯টি স্মার্টফোন, ১ হাজারটি সিমকার্ড এবং ৭টি এটিএম কার্ড জব্দ করা হয়।
শনিবার (২২ আগস্ট) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের বাখেড়া কোমড়গাড়ী গ্রামের রাশিদুল মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোরসালিন ক্ষেতলাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রামপুরা মহল্লার আব্দুল করিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত মাদকদ্রব্য ও অনলাইন জুয়াবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম বাখেড়া কোমড়গাড়ী গ্রামে অভিযান চালিয়ে হাতেনাতে অনলাইনে জুয়া খেলা অবস্থায় মোরসালিনকে আটক করে। পরে তাঁর কাছে থাকা ১৯টি স্মার্টফোন, ১ হাজারটি সিমকার্ড এবং ৭টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অনলাইন জুয়ার চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।