পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ৫ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড ও ক্ষেতলাল উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শুক্রবার বিকেলে এই পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী (এমপি)। এ সময় তাঁর সহধর্মিণী নাজমা আরা বেগমও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উভয় পাশে ৫ হাজার গাছের চারা রোপণের এই উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি পুরো এলাকাটিকে এক দৃষ্টিনন্দন ও সবুজ বিনোদনকেন্দ্রে রূপান্তর করবে।" তিনি আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বিলের ঘাট এলাকার নান্দনিক সৌন্দর্য বাড়াতে নদীর বাঁধের উভয় পাশে পর্যায়ক্রমে ৫ হাজার ফলদ, বনজ ও শোভাবর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করা হবে। এর অংশ হিসেবে ইতোমধ্যে সোনালু ও কেসিয়া জাভানিকাসহ নানা প্রজাতির দৃষ্টিনন্দন গাছের চারা সংগ্রহ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াদুল ইসলাম, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি, সহকারী কমিশনার (ভূমি) ও ক্ষেতলাল পৌরসভার প্রশাসক আব্দুর রউফ এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফিউল হাদি মিঠুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।